একটা সিংহ অনেকক্ষণ ধরে খোলা মাঠে তিনটে বলদকে চরতে দেখছিল। সে কয়েকবার তাদের ওপর হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা একজোট হয়ে থেকে পরস্পরকে সাহায্য করে সিংহটাকে তাড়িয়ে দিয়েছিল। তাদের খাওয়ার আশা সিংহটার প্রায় ছিলই না, কারণ ধারালো শিং আর খুরওয়ালা তিনটে শক্তিশালী বলদের সঙ্গে সে কোনোমতেই এঁটে উঠতে পারত না। তবু সে সেই মাঠ থেকে দূরে থাকতে পারত না, কারণ মুখরোচক খাবার সামনে থাকলে তা পাওয়ার সম্ভাবনা কম হলেও সেদিকে তাকিয়ে থাকার লোভ সামলানো কঠিন।
তারপর একদিন বলদগুলোর মধ্যে ঝগড়া বেধে গেল; আর ক্ষুধার্ত সিংহটা যখন রোজকার মতো তাদের দেখতে আর জিভ চাটতে এল, তখন দেখল তারা মাঠের আলাদা আলাদা কোণে, একে অন্যের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটা দূরে সরে আছে।
এখন একটা একটা করে তাদের ওপর হামলা করা সিংহের কাছে জলভাত হয়ে গেল, আর সে পরম তৃপ্তি ও আনন্দে সেই কাজটাই সেরে ফেলল।
একতাই বল।