একদা এক কুকুর ছিল, ডিম খেতে সে ভারি ভালোবাসত। প্রায়ই সে মুরগির খোঁয়াড়ে হানা দিত, আর শেষে এমন লোভী হয়ে উঠল যে গোটা ডিম আস্ত গিলে ফেলত।
একদিন কুকুরটা ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে গিয়ে হাজির হলো। সেখানে তার চোখে পড়ল একটা ঝিনুক। চোখের পলকে খোলাসুদ্ধ গোটা ঝিনুকটা গিয়ে জমা হলো কুকুরের পেটে।
আন্দাজ করতেই পারছ, এতে কুকুরটার পেটে বেশ যন্ত্রণা হলো।
কোঁকাতে কোঁকাতে সে বলল, ‘এতদিনে শিখলাম, গোল জিনিস মাত্রই ডিম নয়।’
তাড়াহুড়ো করে কাজ করলে পরে ফুরসত মিলিয়ে অনুশোচনা করতে হয়—আর প্রায়ই তা যন্ত্রণাসহ।