একটা বিড়াল দিন দিন শুকিয়ে যাচ্ছিল। যেমনটা তুমি আন্দাজ করছ, পেট ভরে খাবার সে পেত না। একদিন সে শুনল, পাড়ার কয়েকটা পাখি অসুস্থ, তাদের একজন ডাক্তার দরকার। তাই সে চোখে চশমা এঁটে, হাতে একটা চামড়ার বাক্স নিয়ে গিয়ে পাখিদের বাড়ির দরজায় টোকা দিল।
পাখিরা উঁকি দিয়ে বাইরে তাকাল, আর ডাক্তার বিড়াল অতিশয় দরদভরা গলায় জিজ্ঞেস করল তারা কেমন আছে। সে বলল, তাদের কিছু ওষুধ দিতে পারলে সে ভারি খুশি হবে।
‘টুইট, টুইট,’ হেসে উঠল পাখিরা। ‘বেশ চালাক তো তুমি, তাই না? আমরা দিব্যি ভালো আছি, ধন্যবাদ—আর তুমি যদি এখান থেকে দূরে থাকো, তবে আরও ভালো থাকব।’
বুদ্ধিমান হও, হাতুড়ে বদ্যিকে এড়িয়ে চলো।