একদিন এক রাখাল তার ভেড়া চরানোর মাঠে একটা মোটাসোটা শূকর দেখতে পেল। সে চটপট শূকরটাকে ধরে ফেলল, আর রাখাল গায়ে হাত দেওয়া মাত্রই সেটা গলা ফাটিয়ে কিঁচকিঁচ করে চেঁচাতে লাগল। সেই তারস্বর চিৎকার শুনলে তোমার মনে হতো, শূকরটাকে বুঝি খুব নিষ্ঠুরভাবে আঘাত করা হচ্ছে। কিন্তু তার চিৎকার আর পালাবার ছটফটানি সত্ত্বেও রাখাল তার শিকারটাকে বগলদাবা করে বাজারের কসাইয়ের দিকে রওনা দিল।
মাঠের ভেড়াগুলো শূকরের এই কাণ্ড দেখে ভীষণ অবাক আর মজা পেয়ে রাখাল আর তার শিকারের পিছু পিছু মাঠের ফটক পর্যন্ত এল।
“তুমি এমন কিঁচকিঁচ করে চেঁচাচ্ছ কেন?” ভেড়াদের একজন জিজ্ঞেস করল। “রাখাল তো প্রায়ই আমাদের কাউকে-না-কাউকে ধরে বয়ে নিয়ে যায়। কিন্তু তোমার মতো এমন ভয়ংকর হইচই করতে তো আমাদের ভীষণ লজ্জা করবে।”
শূকর একটা কিঁচকিঁচ শব্দ আর পাগলের মতো লাথি ছুঁড়ে উত্তর দিল, “সে তো বেশ কথা। সে যখন তোমাদের ধরে, তখন সে চায় শুধু তোমাদের পশম। কিন্তু সে তো চায় আমার মাংস! ক্যাঁ-অ্যাঁ-অ্যাঁ!”
যখন কোনো বিপদ নেই, তখন সাহসী হওয়া সহজ।