মধুর একটা কলসি উল্টে গেল, আর সেই আঠালো মিষ্টি টেবিলের ওপর গড়িয়ে পড়ল। মধুর মিষ্টি গন্ধে অচিরেই ভনভন করে একঝাঁক মাছি এসে জুটল। তারা কোনো নিমন্ত্রণের জন্য অপেক্ষা করল না। মোটেই না; পা-টা পর্যন্ত ডুবিয়ে তারা সটান বসে পড়ল পেট পুরে খেতে। দেখতে দেখতে মাছিদের মাথা থেকে পা পর্যন্ত মধুতে মাখামাখি হয়ে গেল। তাদের ডানা দুটো জুড়ে গেল। সেই আঠালো দলা থেকে তারা পা টেনে বার করতে পারল না। আর এমনি করেই তারা প্রাণ হারাল, খানিকটা মিষ্টির স্বাদের জন্য জীবন বিলিয়ে দিয়ে।
সামান্য ক্ষণিকের আনন্দের জন্য লোভী হয়ো না। তা তোমাকে সর্বনাশ করে দিতে পারে।