“তুমি এমন কাত হয়ে পাশ ফিরে হাঁটো কেন বলো তো?” মা-কাঁকড়া তার ছেলেকে বলল। “সবসময় সোজা সামনের দিকে হাঁটবে, পায়ের আঙুল বাইরের দিকে ছড়িয়ে।”
ছোট্ট কাঁকড়া বাধ্য ছেলের মতো উত্তর দিল, “তুমিই দেখিয়ে দাও না মা, কেমন করে হাঁটতে হয়; আমি শিখতে চাই।”
তখন বুড়ি কাঁকড়া সোজা সামনের দিকে হাঁটবার কত চেষ্টাই না করল। কিন্তু সেও তো ছেলের মতো কেবল পাশ ফিরেই হাঁটতে পারে। আর যেই পায়ের আঙুল বাইরের দিকে ছড়াতে গেল, অমনি হোঁচট খেয়ে নাক থুবড়ে পড়ল।
নিজে ভালো দৃষ্টান্ত দেখাতে না পারলে অন্যকে কী করা উচিত তা বোলো না।