এক ঝলমলে সন্ধ্যায়, সূর্য যখন এই সুন্দর জগতের বুকে ডুবে যাচ্ছে, তখন এক বুড়ো জ্ঞানী মোরগ রাত কাটানোর জন্য উড়ে একটা গাছে গিয়ে বসল। বিশ্রামের জন্য গা এলিয়ে দেওয়ার আগে সে তিনবার ডানা ঝাপটাল আর জোরে ডেকে উঠল। কিন্তু ডানার নিচে মাথা গোঁজার ঠিক আগমুহূর্তে তার ছোট্ট গোল চোখ দুটোয় ধরা পড়ল লালচে এক ঝলক আর একটা লম্বা সুচালো নাকের আভাস—আর ঠিক তার নিচেই দাঁড়িয়ে শিয়াল মশাই।
“দারুণ খবরটা শুনেছ কি?” ভারি আনন্দিত আর উত্তেজিত গলায় শিয়াল চেঁচিয়ে উঠল।
“কী খবর?” মোরগ খুব শান্তভাবে জিজ্ঞেস করল। তবে ভেতরে ভেতরে তার কেমন এক অস্বস্তিভরা দুরুদুরু অনুভূতি হচ্ছিল, কেননা, জানোই তো, শিয়ালকে সে ভীষণ ভয় পেত।
“তোমার বংশ, আমার বংশ আর অন্য সব পশু রাজি হয়েছে যে সবাই ভেদাভেদ ভুলে আজ থেকে চিরকাল শান্তি আর বন্ধুত্বে বাস করবে। একবার ভেবে দ্যাখো! তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য আমি আর তর সইতে পারছি না! নেমে এসো তো, প্রিয় বন্ধু, চলো এই খুশির দিনটা উদ্যাপন করি।”
“বাহ, দারুণ তো!” মোরগ বলল। “এ খবরে আমি সত্যিই ভারি আনন্দিত।” কিন্তু কথাগুলো সে বলল আনমনে, আর পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে উঁচু হয়ে যেন দূরের কিছু একটা দেখতে লাগল।
“কী দেখছ তুমি?” শিয়াল একটু উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল।
“আরে, আমার তো মনে হচ্ছে দুটো কুকুর এদিকেই আসছে। নিশ্চয়ই ওরাও সুখবরটা শুনেছে, আর—”
কিন্তু শিয়াল আর বেশি শোনার জন্য দাঁড়াল না। দে ছুট।
“দাঁড়াও,” মোরগ চেঁচিয়ে বলল। “পালাচ্ছ কেন? কুকুরগুলো তো এখন তোমারই বন্ধু!”
“হ্যাঁ,” শিয়াল জবাব দিল। “কিন্তু ওরা হয়তো খবরটা এখনও শোনেনি। তা ছাড়া, একটা ভীষণ জরুরি কাজের কথা আমার প্রায় মনেই ছিল না।”
মোরগ মুচকি হেসে তার পালকের মধ্যে মাথা গুঁজে ঘুমিয়ে পড়ল, কেননা সে এক অতি ধূর্ত শত্রুকে বুদ্ধিতে হারিয়ে দিতে পেরেছিল।
ঠকবাজকে ঠকানো সহজ।