একটা দাঁড়কাক একদিন উড়তে উড়তে রাজপ্রাসাদের বাগানের উপর দিয়ে যাচ্ছিল। সেখানে সে বিস্ময় আর হিংসাভরে দেখল একদল রাজকীয় ময়ূর তাদের ঝলমলে পালকের সমস্ত জাঁকজমক নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
কালো দাঁড়কাকটা দেখতে যেমন তেমন সুন্দর ছিল না, তেমনি তার আচরণেও ছিল না বিশেষ ভদ্রতা। তবু সে ভাবল, ময়ূরদের দলে ভিড়তে হলে তার শুধু দরকার তাদের মতো একটা সাজপোশাক। তাই সে ময়ূরদের ঝরে-পড়া কিছু পালক কুড়িয়ে নিজের কালো পালকের ফাঁকে গুঁজে দিল।
ধার করা সেই জমকালো সাজে সেজে সে নিজের জাতের পাখিদের মধ্যে গর্বভরে ঘুরে বেড়াতে লাগল। তারপর সে উড়ে গিয়ে বাগানে ময়ূরদের মাঝে নেমে পড়ল। কিন্তু তারা অচিরেই বুঝে ফেলল সে আসলে কে। এই ছলনায় চটে গিয়ে তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল, ধার করা পালকগুলো তো বটেই, তার নিজের কিছু পালকও টেনে ছিঁড়ে নিল।
বেচারা দাঁড়কাক মন খারাপ করে তার পুরনো সঙ্গীদের কাছে ফিরে এল। সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরেকটা বিশ্রী চমক। তাদের প্রতি তার সেই দেমাক তারা ভোলেনি, তাই শাস্তি দিতে ঠোকর আর টিটকারির বৃষ্টি ঝরিয়ে তারা তাকে তাড়িয়ে দিল।
ধার করা পালকে কেউ সুন্দর পাখি হয় না।