এক গাধা আর এক শেয়াল ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল, আর সবসময় একসঙ্গে থাকত। গাধা যখন টাটকা কচি ঘাস চিবোত, শেয়াল তখন পাশের খামার থেকে একটা মুরগি কিংবা গোয়ালঘর থেকে চুরি করা এক টুকরো পনির সাবাড় করত। একদিন হঠাৎ এই জুটি এক সিংহের মুখোমুখি হল। গাধা খুব ভয় পেয়ে গেল, কিন্তু শেয়াল তার ভয় দূর করল।
"আমি ওর সঙ্গে কথা বলব," সে বলল।
তাই শেয়াল সাহস করে সিংহের কাছে এগিয়ে গেল।
"মহারাজ," সে চাপা গলায় বলল, যাতে গাধা শুনতে না পায়, "আমার মাথায় দারুণ এক ফন্দি এসেছে। যদি কথা দেন যে আমার কোনো ক্ষতি করবেন না, তবে ওই বোকা প্রাণীটাকে আমি এমন এক গর্তে নিয়ে ফেলব যেখান থেকে সে বেরোতে পারবে না, আর আপনি ইচ্ছেমতো ভোজ সারতে পারবেন।"
সিংহ রাজি হল, আর শেয়াল গাধার কাছে ফিরে এল।
"আমি ওকে কথা দেওয়ালাম যে আমাদের কোনো ক্ষতি করবে না," শেয়াল বলল। "কিন্তু চলো, ও চলে না যাওয়া পর্যন্ত লুকিয়ে থাকার একটা ভালো জায়গা আমি জানি।"
তাই শেয়াল গাধাকে এক গভীর গর্তে নিয়ে গেল। কিন্তু সিংহ যখন দেখল গাধা এখন হাতের মুঠোয়, তখন সবার আগে সে বিশ্বাসঘাতক শেয়ালকেই মেরে ফেলল।
বিশ্বাসঘাতকদের ভাগ্যেও বিশ্বাসঘাতকতা জোটে।