এক ঝলমলে সকালে একটা শিয়াল ফাঁদে ধরা পড়ল, কারণ সে চাষির মুরগির খোঁয়াড়ের বড় বেশি কাছে চলে গিয়েছিল। তার খিদে পেয়েছিল সন্দেহ নেই, কিন্তু চুরি করার জন্য সেটা তো কোনো অজুহাত হতে পারে না। এক মোরগ, ভোরে উঠে, দেখতে পেল ব্যাপারটা কী ঘটেছে। সে জানত শিয়াল তার নাগাল পাবে না, তাই সে তার শত্রুকে ভালো করে দেখতে একটু কাছে গেল।
শিয়াল পালানোর ক্ষীণ একটা সুযোগ দেখতে পেল।
‘প্রিয় বন্ধু,’ সে বলল, ‘আমি এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলাম, এমন সময় এই দড়িতে হোঁচট খেয়ে একেবারে জড়িয়ে গেলাম। কিন্তু দয়া করে কাউকে এ কথা বোলো না। কাউকে দুঃখ দিতে আমার মোটেই ভালো লাগে না, আর আমি নিশ্চিত, এই দড়িটা আমি একটু পরেই কেটেকুটে টুকরো করে ফেলতে পারব।’
কিন্তু মোরগ অত সহজে বোকা বনার পাত্র নয়। সে চটপট গোটা মুরগির খোঁয়াড় জাগিয়ে তুলল, আর চাষি যখন ছুটে বেরিয়ে এল, তখনই শিয়াল মশাইয়ের গল্প শেষ।
দুষ্টের কোনো সাহায্য পাওয়ার যোগ্যতা নেই।