একবার একটা প্রজাপতি এক সুন্দর গোলাপের প্রেমে পড়ল। গোলাপও উদাসীন ছিল না, কারণ প্রজাপতির ডানায় সোনা আর রুপোর মায়াবী নকশা ছড়ানো ছিল। তাই যখন প্রজাপতি ফুরফুর করে কাছে এসে তার ভালোবাসার কথা জানাল, গোলাপ লজ্জায় রাঙা হয়ে হ্যাঁ বলে দিল। অনেক মিষ্টি প্রেমালাপ আর ফিসফিসিয়ে অনেক চিরসত্যের অঙ্গীকারের পর প্রজাপতি তার প্রিয়ার কাছ থেকে আদরভরে বিদায় নিল।
কিন্তু হায়! তার কাছে ফিরে আসতে তার অনেকটা সময় লেগে গেল।
“এই বুঝি তোমার চিরসত্যের অঙ্গীকার?” গোলাপ চোখ ছলছল করে বলে উঠল। “তুমি চলে গেছ কত যুগ হয়ে গেল, আর এই এতটা সময় ধরে তুমি নানান ফুলের সঙ্গে ঢলাঢলি করে বেড়িয়েছ। আমি নিজে দেখেছি তুমি জেরানিয়াম দিদিমণিকে চুমু খেয়েছ, আর মিনিয়োনেট দিদিমণির চারপাশে ঘুরঘুর করেছ, যতক্ষণ না মধুমক্ষিকা তোমাকে তাড়িয়ে দিল। ইশ্, সে যদি তোমাকে হুল ফুটিয়ে দিত!”
“চিরসত্যের অঙ্গীকার!” প্রজাপতি হেসে উঠল। “তোমাকে ছেড়ে যেতে না যেতেই তো দেখলাম, মৃদুমন্দ হাওয়া তোমাকে চুমু খাচ্ছে। তুমি ভোমরামশাইয়ের সঙ্গে বেহায়ার মতো ঢলাঢলি করেছ, আর চোখে পড়া প্রতিটি পোকার দিকে আড়চোখে তাকিয়েছ। তাহলে আমার কাছ থেকে চিরসত্যের অঙ্গীকার আশা করো কী করে!”
নিজের মধ্যে যদি নিষ্ঠা না থাকে, তবে অন্যের কাছে নিষ্ঠা আশা কোরো না।