একটা ক্ষুধার্ত নেকড়ে দেখতে পেল, একটা খাড়া পাহাড়চূড়ায় একটা ছাগল ঘাস খাচ্ছে, যেখানে তার নাগাল পাওয়া নেকড়ের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
“ওটা তোমার জন্য ভীষণ বিপজ্জনক জায়গা,” ছাগলের নিরাপত্তা নিয়ে ভারি চিন্তিত হওয়ার ভান করে সে ডেকে বলল। “যদি পড়ে যাও! দয়া করে আমার কথা শোনো, নেমে এসো! এখানে দেশের সবচেয়ে ভালো, সবচেয়ে নরম ঘাস যত খুশি পাবে।”
ছাগল পাহাড়ের কিনারা থেকে নিচে উঁকি দিল।
“আমার জন্য তোমার কত্ত, কত্ত চিন্তা,” সে বলল, “আর তোমার ঘাস নিয়ে তুমি কত উদার! কিন্তু আমি তোমাকে চিনি! তুমি আসলে তোমার নিজের পেটের কথাই ভাবছ, আমার কথা নয়!”
স্বার্থের তাড়নায় দেওয়া নিমন্ত্রণ গ্রহণ করতে নেই।