মুষলধারে বৃষ্টির পর এক চাষি কাদায় মাখামাখি গ্রামের পথ ধরে তার গাড়ি হাঁকিয়ে চলছিল। ঘোড়াগুলো গভীর কাদার ভেতর দিয়ে বোঝাই গাড়িটা টেনে নিয়ে যেতে হিমশিম খাচ্ছিল, শেষে একটা চাকা খানাখন্দে অক্ষ পর্যন্ত ডুবে গেলে গাড়িটা একেবারে থেমে গেল।
চাষি তার আসন থেকে নেমে গাড়ির পাশে দাঁড়িয়ে সেটার দিকে তাকিয়ে রইল, কিন্তু গর্ত থেকে সেটা তুলবার সামান্যতম চেষ্টাও করল না। সে শুধু নিজের কপালকে দুষল আর জোরে জোরে হারকিউলিসকে ডাকতে লাগল, যেন তিনি এসে তাকে সাহায্য করেন। তারপর, শোনা যায়, হারকিউলিস সত্যিই এসে হাজির হলেন, বললেন:
“ওহে, চাকায় কাঁধ লাগাও আর ঘোড়াগুলোকে হাঁকাও। শুধু গাড়ির দিকে তাকিয়ে থেকে আর ঘ্যানঘ্যান করে গাড়িটা নড়াতে পারবে ভেবেছ? নিজেকে সাহায্য করার একটু চেষ্টা না করলে হারকিউলিস তোমাকে সাহায্য করবে না।”
আর চাষি যেই চাকায় কাঁধ লাগিয়ে ঘোড়াগুলোকে হাঁকাল, অমনি গাড়িটা দিব্যি নড়ে উঠল, আর খানিক পরেই চাষি বেশ তৃপ্ত মনে আর একটা ভালো শিক্ষা নিয়ে পথ চলতে লাগল।
নিজের সাহায্যই সবচেয়ে বড় সাহায্য।
যে নিজেকে সাহায্য করে, ঈশ্বর তাকেই সাহায্য করেন।